রাজধানীর মিরপুরের পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক কার্যক্রম গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৩ জুন) দিন ধার্য করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার পর বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে। এদিন মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন। তাদের বিরুদ্ধে আনা ধর্ষণ, হত্যা এবং অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগের বিষয়ে আদালতের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ পাবেন তারা।
এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীদের জেরা কার্যক্রম সম্পন্ন হয়েছে। একদিনেই মামলার গুরুত্বপূর্ণ সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। চার্জশিটে অন্তর্ভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যপর্বের সমাপ্তি ঘটে।
মামলার বাদী ও নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা প্রথম সাক্ষ্য দেন। পরে নিহতের মা, বোন, আত্মীয়স্বজন এবং ঘটনাস্থলের বিভিন্ন বাসিন্দা আদালতে সাক্ষ্য প্রদান করেন। এছাড়া মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্য, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসক এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেটও আদালতে তাদের বক্তব্য তুলে ধরেন।
আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে মামলার পরবর্তী ধাপে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করা হতে পারে। দ্রুত বিচার কার্যক্রমের আওতায় আলোচিত এই মামলার রায়ও শিগগিরই ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আট বছর বয়সী শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী এবং দ্রুত তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।


