দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত হয়।’
গণমাধ্যমের অপব্যবহার নিয়ে মন্ত্রী বলেন, ‘মিথ্যা ও বিকৃত তথ্য প্রচার, অবৈধ স্বার্থে সংবাদ ব্যবহার এবং লুটপাটে জড়িত গোষ্ঠীর পক্ষে জনমত তৈরির চেষ্টা সাংবাদিকতা পেশার জন্য হুমকি। এতে সৎ ও নীতিনিষ্ঠ সাংবাদিকরা বিপদে পড়েন। কিছু রাজনৈতিক শক্তি গণমাধ্যমের কণ্ঠরোধ করে নিজেদের স্বার্থে তা ব্যবহার করতে চায়। এ কারণে যারা সত্য প্রকাশে কাজ করছেন, তারা নানা ধরনের চাপ ও নির্যাতনের মুখে পড়ছেন।’
তথ্যমন্ত্রী জানান, দেশে একটি কার্যকর গণমাধ্যম নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং গণমাধ্যমের জন্য একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।


