তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। তিনি দাবি করেন, “উত্তরাধিকারসূত্রে আমরা একটি সংকটাপন্ন অর্থনীতি পেয়েছি,” যার প্রভাব এখনো বিভিন্ন খাতে অনুভূত হচ্ছে। তার মতে, ব্যাংকিং খাত থেকে স্বল্প সময়ের মধ্যে ঋণ গ্রহণ করতে হয়েছে এবং বাজেট ঘাটতি পূরণে সরকারকে অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের রাজস্ব কাঠামো এখনো দুর্বল অবস্থায় রয়েছে। ভ্যাট থেকে যে আয় হয়, তা দিয়ে জাতীয় বাজেটের বড় অংশ পূরণ করা সম্ভব নয়। ফলে সরকারকে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে উন্নয়ন কার্যক্রম চালাতে হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, অনেক সময় তথ্য ও সংবাদ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। তিনি মন্তব্য করেন, “যে তথ্যের পেছনে কোনো ডেটা বা প্রমাণ নেই, সেটি আসলে কেবল ব্যক্তিগত মতামত।” একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের অধিকাংশ সাংবাদিক দায়িত্বশীলভাবে কাজ করলেও কিছু সংখ্যক ব্যক্তি ভুল ও বিকৃত তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ায়।
তিনি আরও বলেন, দেশের প্রশাসনিক কাঠামো বর্তমানে নানা চাপের মধ্য দিয়ে কাজ করছে। বিশেষ করে পুলিশ ও আমলাতন্ত্রকে চ্যালেঞ্জিং পরিবেশে দায়িত্ব পালন করতে হচ্ছে। জনগণের প্রত্যাশা দ্রুত বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন এবং বলেন, এখনকার সময়ে যেকোনো ভুল সিদ্ধান্ত বা কাজ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় ও জাতীয় বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে মতামত তুলে ধরেন।


