বিশ্ববাজারে জ্বালানি তেলের দামবৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তাপর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। আজ রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেল লিটারে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। নতুন সমন্বয়ে ডিজেল ১০০ থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, লিটারে বেড়েছে ১৫ টাকা। কেরোসিন ১১২ থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন ১২০ থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, লিটারে সর্বোচ্চ ২০ টাকা বেড়েছে। আর পেট্রোল ১১৬ থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, লিটারে বেড়েছে ১৯ টাকা। জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোয় পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তাপর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।