গণপরিবহনে ভাড়া নির্ধারণ ও প্রদর্শন ব্যবস্থায় নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, শিগগিরই শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভাড়া প্রদর্শনের ব্যবস্থা চালু করা হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, গণপরিবহন খাতে শৃঙ্খলা আনা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
মন্ত্রী জানান, বিদ্যমান আইনের আওতায় দেশের প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা বিবেচনায় পরিবহনযানের সংখ্যা নির্ধারণ করে এবং রুট পারমিট অনুমোদন দেয়। এর ফলে পরিবহন ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী গেজেট জারি করে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। নির্ধারিত ভাড়ার তালিকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং তা যানবাহনের ভেতরে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা চালু থাকলেও এসি পরিবহনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট কাঠামো এখনো সম্পূর্ণভাবে কার্যকর হয়নি বলে জানান মন্ত্রী। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীদের মধ্যে ভাড়া নিয়ে বিভ্রান্তি কমবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


