আগামী অর্থবছর থেকে সারা বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে নির্ধারিত আয়কর দিবস ৩০ নভেম্বরের মধ্যে করদাতাদের রিটার্ন দাখিল করতে হয়। তবে ভবিষ্যতে এই নির্দিষ্ট সময়সীমা তুলে দেওয়া হবে।
নতুন ব্যবস্থায় বছরকে চারটি প্রান্তিকে ভাগ করা হবে। প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিলকারীরা কর ছাড় সুবিধা পাবেন। দ্বিতীয় প্রান্তিকে দাখিলকারীরা নিয়মিত করদাতা হিসেবে বিবেচিত হবেন। তৃতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে তুলনামূলক বেশি কর দিতে হবে এবং শেষ প্রান্তিকে দাখিলকারীদের আরও বেশি কর পরিশোধ করতে হবে। ফলে করদাতারাই তাদের সুবিধামতো সময় বেছে নিতে পারবেন।
চলতি আয়কর বর্ষে রিটার্ন দাখিলের শেষ দিন আজ উল্লেখ করে চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত ৪২ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এর মধ্যে প্রায় ২০ হাজার করদাতা সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন।
তিনি আরও জানান, অনলাইনে সময় বাড়ানোর আবেদন করার সুযোগ রয়েছে এবং আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারেন। অনুমোদন পাওয়া গেলে আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, সুশাসন নিশ্চিত করা গেলে রাজস্ব আহরণ আরও বাড়বে। এ লক্ষ্যে রাজস্ব খাতে লিকেজ বন্ধে কাজ চলছে এবং কর ফাঁকিদাতাদের চিহ্নিত করা হচ্ছে। তিনি জানান, গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২৮ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।


