কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদ জামাত নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন ১১০০ জন পুলিশ সদস্য। তাদের পাশাপাশি র্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন থাকবে। সব মিলিয়ে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হবে পুরো শোলাকিয়া এলাকা।
ইতোমধ্যে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা পরিদর্শন সম্পন্ন করেছেন। ঈদগাহ ময়দান বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঈদের দিন বিভিন্ন বাহিনীর সমন্বয়ে মাঠজুড়ে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
মাঠের ভেতর ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা। এছাড়া চারটি ওয়াচটাওয়ার নির্মাণ করা হয়েছে, যার মধ্যে দুটি ব্যবহার করবে পুলিশ এবং দুটি র্যাব। ঈদের দিন ১৩টি আর্চওয়ের মাধ্যমে মুসল্লিদের প্রবেশ নিশ্চিত করা হবে। প্রতিটি প্রবেশপথে থাকবে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা।
বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে ড্রোন ক্যামেরা দিয়ে আকাশপথে নজরদারি চালানো হবে। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল, ফায়ার সার্ভিস ইউনিট এবং মেডিকেল টিম মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স।
প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে। ঈদের আগের দিন থেকেই শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে। এবার শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদের জামাত, যা সকাল ১০টায় শুরু হবে। এতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।


