Tuesday, May 26, 2026
Home জাতীয় ঢাবিসহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

ঢাবিসহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবসে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য নিয়োগের তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিগগিরই এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যাপক ড. রইছ উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যাপক ড. মোহাম্মদ আল- ফোরকান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে অধ্যাপক নুরুল ইসলামকে নিয়োগ দেয়া হচ্ছে। এছাড়া ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মামুন আহমেদ।

ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি এতদিন বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) বর্তমান সভাপতি এবং বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নতুন উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম একসময় ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর করে ওবায়দুল ইসলাম একই শিক্ষায়তনে শিক্ষকতায় যোগ দেন। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি।

জবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক ড. রইছ উদ্দীন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উপাচার্য নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটি আমার জন্য বড় দায়িত্ব। আমার বর্তমান পরিচয়ের আগে আমি অধ্যাপক ড. রইছ হিসেবেই পরিচিত থাকতে চাই। সবাইকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরো উচ্চতায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।’

রাবির নতুন উপাচার্য হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য। ২০২২ সালে তিনি ব্যবসায় অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি রাবির ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন। উপাচার্য নিয়োগের বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি বিষয়টি জেনেছি এবং দায়িত্ব নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবে অফিশিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি।’

চবি উপাচার্যের দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। তিনি অধ্যাপক ইয়াহইয়া আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি। অধ্যাপক আল-ফোরকানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট এলাকায়। চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে ১৯৯৩ সালের জানুয়ারিতে তিনি শিক্ষক হিসেবে নিজের শিক্ষায়তনে যোগ দেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বণিক বার্তাকে বলেন, শিক্ষকতা জীবনে সবসময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণার সঙ্গে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে সে অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাই। আমার প্রধান লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং গবেষণায় সক্ষমতা বৃদ্ধি। আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়াও আমার গুরুত্বপূর্ণ লক্ষ্য। একাডেমিক কার্যক্রম ও গবেষণার মান বাড়াতে পারলে বিশ্ববিদ্যালয়কে সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও গবেষণায় অগ্রসর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি।

কুয়েটের উপাচার্য পদে অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগেও তিনি বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য পদে দায়িত্ব পালন করেন।

বাউবির উপাচার্য নিয়োগ পাচ্ছেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়া ঢাবির প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান ১৯৯৫ সালে বিএএফ শাহীন কলেজে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগদান করেন। বর্তমানে এ বিভাগেই অধ্যাপক হিসেবে কর্মরত।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং জাবির ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। এছাড়া তিনি রাজশাহী ও চবিতে ভূগোল বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি জাবিতে অধ্যাপক হিসেবে কর্মরত; একই সঙ্গে অনারারি শিক্ষক হিসেবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন।

ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি ঢাবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি। ইউজিসি চেয়ারম্যান পদে তিনি অধ্যাপক এসএমএ ফায়েজের স্থলাভিষিক্ত হচ্ছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাবির সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল। ‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে গতকাল তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এর কয়েক ঘণ্টা পর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা করা হয়।

১৯৬৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা মামুন আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঢাবির বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগে যোগ দেন। ওই বছরই নিহন ইউনিভার্সিটিতে মলিকুলার ভাইরোলজিতে তার পিএইচডি শেষ হয়।

ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ জাতীয়তাবাদী দল সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী হিসেবে ঢাবির সিনেট সদস্যও হয়েছিলেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ঢাবির উপ-উপাচার্যের দায়িত্ব পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments