নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকাল ১১টায় সংসদ ভবনে বসতে যাওয়া এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। অধিবেশনের প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার ব্যতিক্রম ঘটছে। ছাত্র-জনতার গণআন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। অপরদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকায় সংসদের প্রথম বৈঠক স্পিকারবিহীন অবস্থায় শুরু হচ্ছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, অধিবেশন শুরুর পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন, যিনি সাময়িকভাবে অধিবেশনে সভাপতিত্ব করবেন। ওই সদস্যের তত্ত্বাবধানেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রথম দিনের কার্যসূচি শুরু হবে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতির মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনেই নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে।
অধিবেশনের প্রথম দিনেই পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৮ মাসে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে এবং সেগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হতে পারে।
সংবিধানের বিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। তার ভাষণের মধ্য দিয়েই দিনের কার্যক্রম শেষ হবে।এদিকে বিএনপি থেকে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব থাকলেও আপাতত তা গ্রহণ করেনি জামায়াতে ইসলামী। দলটির নেতারা জানিয়েছেন, ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত মত জানানো হবে।


