অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও ডিজিটাল ব্যাংকিং সেবায় নতুন গতি আনতে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। রাজধানী ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
এই সমঝোতার মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর আর্থিক সমাধান যুক্ত করে গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া সহজ, দ্রুত ও আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন গ্রাহকদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানোই এ অংশীদারিত্বের মূল লক্ষ্য।
চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের কৌশলগত আর্থিক পরামর্শক ও ডিজিটাল সল্যুশন পার্টনার হিসেবে কাজ করবে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড। এর আওতায় ডিজিটাল ফিন্যান্সিয়াল প্ল্যাটফর্ম, ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং সেবার দক্ষতা বাড়ানো হবে। এতে গ্রাহক অভিজ্ঞতা উন্নত হওয়ার পাশাপাশি সময় ও খরচ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং প্রজেক্ট টুমরোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসকেএম শরিফুল আলম, পিএমপি। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে কার্যকর ভূমিকা
রাখবে।


