বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়েছেন। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলামের সঙ্গে এক বৈঠকে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার ওপর জোর দেন।
গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসান এবং রোজ ইনটিমেটস লিমিটেডের পরিচালক সঞ্জয় কুমার নাহা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন লুৎফুন নাহার, কমার্শিয়াল কাউন্সেলর, এস এম আবদুল্লাহ আল মামুন, কাউন্সেলর এবং মো. ওয়াশীমুল বারী, কাউন্সেলর এবং হাই কমিশনের চ্যান্সারি প্রধান।
বৈঠকে ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থা, শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা এবং রূপকল্প, বিশেষ করে পোশাক রপ্তানির জন্য নতুন এবং প্রতিশ্রুতিশীল বাজার অন্বেষণে শিল্পের রূপকল্প তুলে ধরেন।
তিনি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি বজায় রাখার জন্য একটি প্রধান কৌশল হিসেবে বাজার এবং পণ্য বৈচিত্র্যকরণের ওপর জোর দেন। বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের বাজারে বাংলাদেশের জন্য বাণিজ্যের সুযোগ চিহ্নিত করতে তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি।
ফারুক হাসান সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশকে টেক্সটাইল যন্ত্রপাতি, ম্যান-মেইড ফাইবার এবং প্রযুক্তিগত টেক্সটাইল, পুনর্ব্যবহারযোগ্য শিল্প, হালকা প্রকৌশল এবং জাহাজ নির্মাণের মতো খাতগুলোতে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য আহ্বান জানান।


