আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। সাক্ষাতে নির্বাচন, শ্রম আইনের সংস্কার, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক আলোচনা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী পর্যবেক্ষক পাঠাবে। তিনি নির্বাচনকে উৎসবমুখর ও স্বচ্ছ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে যাঁরাই বিজয়ী হবেন, তাঁদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।


