প্রযুক্তিনির্ভর শিল্পায়ন ও টেকসই অর্থায়ন জোরদারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) রিফাইন্যান্সিং সংক্রান্ত একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ১৮ জানুয়ারি ২০২৬ রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তির ফলে রপ্তানিমুখী ও আমদানি বিকল্প শিল্পখাতে যুক্ত উদ্যোক্তারা স্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এতে উৎপাদন খাতে প্রযুক্তি আধুনিকায়ন, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শিল্পায়ন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এসএমই ও উদীয়মান শিল্প উদ্যোক্তাদের জন্য এই রিফাইন্যান্সিং স্কিম গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, টিডিএফ স্কিমের আওতায় অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিউনিটি ব্যাংক কর্তৃপক্ষও মনে করে, এ চুক্তি দেশের শিল্পখাতে টেকসই বিনিয়োগ প্রবাহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।


