ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ব্যাংকটির উপশাখাগুলোর আমানতের পরিমাণ বর্তমানে প্রায় ১২ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা গত এক বছরে বৃদ্ধি পেয়েছে প্রায় ৩ হাজার ৭শ কোটি টাকা। একই সঙ্গে ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং খাতে এর শক্ত অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
প্রবাসী আয় আহরণেও ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রবাসীদের আস্থা ও নির্ভরতায় টানা ১৮ বছর ধরে রেমিট্যান্স আহরণে নেতৃত্ব দিচ্ছে ব্যাংকটি। সর্বশেষ এক বছরে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স। এ ছাড়া ব্যাংকটির মোট গ্রাহকসংখ্যা বর্তমানে ৩ কোটিতে উন্নীত হয়েছে, যা এক বছরে বেড়েছে প্রায় ৫০ লাখ।
এই তথ্যগুলো জানানো হয় ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
সম্মেলনে বক্তব্যে ম্যানেজিং ডাইরেক্টর বলেন, পরিবর্তিত ব্যাংকিং বাস্তবতায় ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সক্ষম হয়েছে। ২০২৫ সালে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকটি সর্বাধিক আমানত সংগ্রহ ও সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি প্রযুক্তিনির্ভর, শরী’আহ সম্মত ও আধুনিক ইসলামী ব্যাংক গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।


