জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাসনিম জারা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে দল ছাড়ার বিষয়টি প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন সাধারণ নাগরিক হিসেবে এলাকার মানুষের সেবাই তার রাজনীতিতে আসার মূল লক্ষ্য। তিনি বলেন, তিনি চাইতেন রাজনৈতিক দলের মাধ্যমে সংসদে গিয়ে কাজ করতে, তবে বর্তমান বাস্তবতায় কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়া তার সিদ্ধান্ত।
তিনি আরও উল্লেখ করেন, এলাকার মানুষ ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা থেকে তিনি সরে আসবেন না। সেই লক্ষ্যেই ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সাংগঠনিক সুবিধা, কর্মী সমর্থন বা প্রশাসনিক যোগাযোগের সুযোগ তার থাকবে না। তবে তাসনিম জারা মনে করেন, তার একমাত্র শক্তি হলো সাধারণ মানুষ। তিনি সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতির প্রত্যয়ে ভোটারদের সমর্থন কামনা করেছেন।
পোস্টে তিনি জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিল করতে আইনি বিধান অনুযায়ী ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। তিনি দ্রুত স্বাক্ষর সংগ্রহে এলাকাবাসীর সহযোগিতা চান। এছাড়া, পূর্বে নির্বাচনী তহবিলে অনুদান দেওয়া ব্যক্তিদের অর্থ ফেরত নেওয়ার জন্য প্রক্রিয়ার ব্যবস্থাও ঘোষণা করেছেন।


