ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে গঠিত ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’-এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভূমিকম্পে সরকারি ভবনগুলো বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেমিনার উদ্বোধন করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়ভিত্তিক কী-নোট পেপার উপস্থাপন করেন। মহাপরিচালক ফায়ার সার্ভিস বর্তমান সক্ষমতা, ভূমিকম্প-ঝুঁকি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ ভবন, নগরায়ন, শিল্পায়ন ও রাসায়নিক ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
সেমিনারে বিশেষজ্ঞরা ভবিষ্যতে স্থায়ী বিশেষজ্ঞ প্যানেলকে নিয়মিত পরামর্শ, গবেষণা ও নীতিমালা প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। মহাপরিচালক ফায়ার সার্ভিস আশা প্রকাশ করেন, প্যানেলটি দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক, তথ্যভিত্তিক ও বৈজ্ঞানিক পর্যায়ে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিল্লুর রহমান, সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ (অব.), সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান (অব.), স্থপতি ইকবাল হাবিব এবং একুশে টিভির নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ বক্তব্য দেন। অনলাইনে ফায়ার সার্ভিসের জেলা ও বিভাগীয় কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন।


