শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরে স্কয়ার ফার্মার প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৪ পয়সা, যা আগের বছরের ২৩ টাকা ৬১ পয়সার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে। একই সময়ে কোম্পানিটির প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সা।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) গত অর্থবছরে ছিল ১৯ টাকা ৫২ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ঋণাত্মক ২০ টাকা ৯০ পয়সা। এ উন্নতি কোম্পানির কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।


