ভোগান্তি কমিয়ে ট্রাফিক জরিমানা আদায়কে আরও স্বচ্ছ ও আধুনিক করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর গ্র্যান্ড রিভারভিউ চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত আনুষ্ঠানিকভাবে চুক্তি বিনিময় করেন। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে নগরবাসী এখন থেকে ট্রাফিক মামলার জরিমানা শুধু নগদে নয়, কমিউনিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ অ্যাপ ব্যবহার করেও পরিশোধ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “জনগণের হয়রানি কমানো, সেবা দ্রুত পৌঁছে দেওয়া এবং আর্থিক লেনদেনে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকীসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যাংক খাত থেকে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ড জনাব জাহির আহমেদ এবং হেড অব এডিসি মো: মামুন উর রহমান।
এদিন সকালেই ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে “ই-ট্রাফিক পরিচালনা ও জরিমানা আদায়” বিষয়ক প্রক্রিয়া সহজীকরণে দিকনির্দেশনা প্রদান করা হয়।


