ঢাকায় বুধবার সকাল ১০টায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে বিদেশি বিনিয়োগকারী সম্মেলন-২০২৫ শুরু হয়েছে। বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, বাজার বিশেষজ্ঞ ও নীতি-নির্ধারকরা অংশ নেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের পুঁজিবাজারে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা।
প্রথমার্ধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে।”
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান স্বাগত বক্তব্যে বিনিয়োগকারীদের জন্য বাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানবৃন্দ।
সম্মেলনের সমাপণী অংশে অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন ব্র্যাক ইপিএলের চেয়ারপারসন ফাহিমা চৌধুরী। সেশনটি পরিচালনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম।


