চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচটি মামলায় জামিন আবেদন খারিজ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
জামিন আবেদনকারীর নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত। আদালতে তার পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। আদালতে প্রবেশের সময় বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
চিন্ময়ের বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে অন্যতম একটি হলো ২০২৩ সালের ৩১ অক্টোবর দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা। ওইদিন চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা করেন। পরবর্তীতে ফিরোজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরপর ২৫ নভেম্বর চিন্ময়কে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়াও পুলিশের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, ককটেল বিস্ফোরণ এবং আদালত এলাকায় বিশৃঙ্খলার ঘটনায় আরও চারটি মামলা হয়।


