রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনার নৃশংসতা ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেন।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, “আমি বিদেশে অবস্থান করছিলাম। এমন একটি ঘটনা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছি। কোন যুগে বাস করছি আমরা? কেমন সমাজে আমরা বেঁচে আছি? প্রকাশ্য দিবালোকে একটি সাধারণ ব্যবসায়ীকে শুধুমাত্র চাঁদা না দেওয়ায় যেভাবে হত্যা করা হয়েছে, তা সভ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।”
তিনি বলেন, “হে মজলুম পরিবার, আমরা লজ্জিত। হে সোহাগ ভাই, আমরা কিছু করতে পারলাম না। প্রতিরোধ গড়ার আগেই তোমার প্রাণ গেলো। সমাজ হিসেবে এ ব্যর্থতা আমাদের সবার।”
জামায়াতের আমির তার বক্তব্যে সমাজের মানুষকে আত্মবিশ্লেষণ ও জেগে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, “আজ তুমি চুপ থাকলে কাল তোমার ওপরও বিপদ আসবে। তখন কেউ পাশে থাকবে না। ভয় ও সংকোচ দূর করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
গত ৯ জুলাই সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নির্মমভাবে খুন হন ভাঙাড়ি ব্যবসায়ী মো. সোহাগ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালের ভেতরে তাকে প্রথমে মারধর করা হয়। পরে তাকে বাইরে টেনে এনে ধারালো অস্ত্র ও পাথর দিয়ে হত্যা করা হয়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় তা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ হত্যাকাণ্ডে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে নিন্দা জানানো হয়েছে। এর মধ্যে জামায়াত আমিরের বক্তব্যটি সামাজিক সচেতনতার দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে আলোচিত হচ্ছে।


