স্বপ্নের পদ্মা সেতু দিয়ে রেল চলবে আগামী ১০ অক্টোবর। রেলযোগাযোগের মাহেন্দ্রক্ষণে সবুজ পতাকা নেড়ে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল ইসলাম সুজন আগামীকাল কমলাপুর-গেন্ডারিয়া-ভাঙ্গা জংশন পরিদর্শন করবেন। পদ্মা সেতুতে রেল সংযোগ বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প।
সেতু দিয়ে সড়ক পরিবহন নিশ্চিত করার পরেই রেলযোগাযোগের কর্মসূচি সরকার হাতে নেয়। তারই সফল বাস্তবায়নের শেষ পদক্ষেপ সেতু দিয়ে রেল চালানো। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে মাঝে কয়েকটি দিন মাত্র।
জানা গেছে, আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আগামীকাল ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক চালানো হবে ট্রেন। এই রেলপথ পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পদ্মা সেতু দিয়ে মানুষের রেল যোগাযোগ সহজ হবে। এর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হবে আরেকটি মাইলফলক। সেই সঙ্গে জিপিডিতে রাখবে বড় ভূমিকা।


