সুইটমিট, প্রেসার কুকার, এলপিজি গ্যাস সিলিন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, বিটুমিন অ্যান্ড বিটুমিনাস বাইন্ডার্স-পলিমার মডিফাইড বিটুমিন, ইউপিএসসহ আর ৩৭টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার তেজগাঁওস্থ বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ কাউন্সিলের ৩৮তম সভায় বাধ্যতামূলক মান সনদের তালিকায় ৩৭টি নতুন পণ্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, বর্তমানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা ২৩৯টি।
শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এতে সভাপতিত্ব করেন। বিএসটিআই কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআইয়ের মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য-সচিব মো. আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। অনেক ব্যবসায়ী যেসব কর্মকাণ্ড করেন তা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। তাদের সংশোধন হতে হবে। জনগণের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে বিএসটিআইকে আরো কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা পণ্যে ভেজাল দিচ্ছে, সিন্ডিকেট করছে। ভোক্তাস্বার্থ রক্ষায় বিএসটিআইকে দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে নিম্নমানের পণ্য ও ভেজালরোধে বিএসটিআইকে কাজ করতে হবে।
এছাড়াও যে সকল পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করা হয়েছে সেগুলো হলো, গ্রিন টি, সয়া সস, চাটনিজ, ডেকোরেটেড কেক, মল্ট বেইজড ফুড, মল্ট ড্রিঙ্ক, ছানা, চিজেস, হুয়ে চিজেস, ক্রিম চিজেস, এক্সট্রা হার্ড গ্রাটিং চিজ, হেয়ার ক্রিম, কাজল, ফেস প্যাক, গ্লিসারিন টয়লেট সোপ, লিকুইড টয়লেট সোপ, ট্রান্সপারেন্ট টয়লেট সোপ, ক্লিন কুক স্টোভস অ্যান্ড কুকিং সল্যুশনস, ইন্ডাস্ট্রিয়াল সেফটি হেলমেট, হেসিয়ান জুট ব্যাগস ফর রাইচ অ্যান্ড পালস, হেসিয়ান জুট ব্যাগস (লেমিনেটেড/ইনার লিনার) ফর পোলট্রি ফিড অ্যান্ড ফিস ফিড, হেসিয়ান জুট ব্যাগস ফর প্যাকিং ৩০ কেজি ফুড গ্রেইনস, জুট ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, টেক্সটাইল লাইট ওয়েট জুট সাকিং ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, ননওভেন উয়িপস, সিল্ক ফেব্রিকস, সিনথেটিক মসকুইটো নেটস, টাওয়েলস অ্যান্ড টাউয়েলিং, লিড-এসিড ট্রাকশন ব্যাটারিজ, সিঙ্গেল ফেস মটর এবং টুথ ব্রাশ।


