পুলিশ প্রশাসনে উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। নতুন আদেশে ছয়জন ডিআইজিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার নিয়োগ এবং ফরিদপুর ও ঝালকাঠী জেলার পুলিশ সুপার (এসপি) পদেও পরিবর্তন আনা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
একই দিনে জারি হওয়া আরেকটি প্রজ্ঞাপনে জেলা পুলিশ প্রশাসনেও পরিবর্তন আনা হয়। এতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে ফরিদপুরের বর্তমান পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।


