জাতিসংঘের পঞ্চম পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস)–এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, নীতিনির্ধারক এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ একাধিক প্লেনারি সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য ও অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে গুরুত্ব পেয়েছে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা, পুলিশিংয়ে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠক ও বিশেষ নৈশভোজ।
নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান, বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েনের সুযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পুলিশিং-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।


