যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।পোস্টে তিনি লেখেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন। দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, তার এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
২০২৪ সালের নভেম্বরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতার ভিত্তিতে কূটনৈতিক যোগাযোগ ও গণমাধ্যম সংযোগে তাকে এই পদে আনা হয়।
তবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন। হঠাৎ এই সিদ্ধান্তে কূটনৈতিক পরিমণ্ডলে আলোচনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত তার পদত্যাগ কার্যকর হওয়ার সময় বা পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই পদত্যাগের ফলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদটি আপাতত শূন্য হয়ে গেল।


