Wednesday, April 22, 2026
Home জাতীয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আজ বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
পাশাপাশি ওইদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বরে (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। সে হিসাবে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শুক্রবার। আজ চাঁদ দেখা না গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

অন্যদিকে সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত সভায় ঈদের প্রধান জামাতের বিকল্প ভেন্যুও নির্ধারণ করা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহেই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে নামাজ আদায় সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন। এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের কথা রয়েছে। ঈদের প্রধান জামাত ঘিরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ডিএসসিসি জানিয়েছে, ঈদগাহ প্রাঙ্গণে নামাজ নির্বিঘ্ন করতে প্যান্ডেল, পানি, বিদ্যুৎসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। বৃষ্টি হলেও যাতে নামাজে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও প্রস্তুতি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা নেয়া হয়েছে। আশপাশের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

অন্যদিকে ডিএনসিসি জানিয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে চীন-বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় আরেকটি কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে প্রবেশের জন্য তিনটি গেট রাখা হবে এবং নারী মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যরা মোতায়েন থাকবেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে মুসল্লিদের ওজুসহ যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যয়সংকোচনের অংশ হিসেবে খাবারের খাতে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারি...

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির...

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন...

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে...

Recent Comments