দিনাজপুরে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় উপস্থিত হয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন। একইসঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী নদী, নালা, খাল ও বিভিন্ন জলাধার খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সকাল থেকেই কর্মসূচিস্থলে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই বিভিন্ন স্থান থেকে এসে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় যান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে কোদাল হাতে নিয়ে খাল খনন কার্যক্রমের সূচনা করেন। এ সময় উপস্থিত মানুষ করতালি দিয়ে তাকে স্বাগত জানান। স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও স্থানীয় পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।


