চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হলো বিএনপির বৃহৎ নির্বাচনি মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২১ মিনিটে তারেক রহমানের গাড়িবহর সমাবেশস্থলে প্রবেশ করলে মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা।
কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় করতালি, স্লোগান ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা। হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন। দীর্ঘদিন পর চট্টগ্রামে তার সরাসরি উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা।
এটি বিএনপি চেয়ারম্যানের নির্বাচনি প্রচারের দ্বিতীয় ধাপ। এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এবার দলীয় চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসে প্রথমবারের মতো পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে অংশ নিলেন তিনি।
সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড, উপজেলা ছাড়াও কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও রঙিন পোশাকে পলোগ্রাউন্ড মাঠ পরিণত হয় জনসমুদ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ পুরোপুরি পূর্ণ হয়ে যায়।
এ সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরাও উপস্থিত ছিলেন। সমাবেশের আগে নগরীর একটি হোটেলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সমাবেশ শেষে তারেক রহমান ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।


