বাংলাদেশের বিচার বিভাগে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের জ্যেষ্ঠ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতির দায়িত্ব শুরু করেন জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয় এবং শপথ গ্রহণের দিন থেকেই তা কার্যকর হয়েছে। বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শনিবার অবসরে যান। ওই দিন তার চাকরির নির্ধারিত বয়সসীমা ৬৭ বছর পূর্ণ হয়।
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন।পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
শিক্ষাজীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।


