আগামী ২৪ মার্চের পশ্চিমাঞ্চলগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল ৮টায়। রেল কর্তৃপক্ষ জানায়, মাত্র আধাঘণ্টার মধ্যে অনলাইনে টিকিট বুকিংয়ের জন্য ২০ লাখেরও বেশি হিট পড়ে। অথচ বরাদ্দ ছিল মাত্র ১৫ হাজার ৭৭৩টি টিকিট।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, এবার ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। ফলে কাউন্টারে কোনো ভিড় নেই, যা যাত্রীদের জন্য স্বস্তির বিষয়। টিকিট বিক্রির প্রথম দিনে এখন পর্যন্ত কোনো কারিগরি সমস্যা বা অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এদিকে, আজ দুপুর ২টায় পূর্বাঞ্চলগামী ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হবে। এভাবেই ২০ মার্চ পর্যন্ত প্রতিদিনের জন্য ট্রেনের টিকিট কেনা যাবে।
কোন তারিখে কোন টিকিট:১৪ মার্চ:২৪ মার্চের টিকিট ১৫ মার্চ:২৫ মার্চের টিকিট ১৬ মার্চ: ২৬ মার্চের টিকিট ১৭ মার্চ:২৭ মার্চের টিকিট ১৮ মার্চ:২৮ মার্চের টিকিট ১৯ মার্চ: ২৯ মার্চের টিকিট ২০ মার্চ:৩০ মার্চের টিকিট
রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ সামলাতে এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। তবে রুট চূড়ান্ত করা হয়নি, যাত্রী চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৪ মার্চ রেলওয়ের এক প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ৩৬টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। এছাড়া, ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ইঞ্জিন সংযোজনের প্রস্তাবও এসেছে।
এবারের ঈদযাত্রায় অনলাইন টিকিট বিক্রির এমন সাড়া পাওয়ায় রেল কর্তৃপক্ষ সন্তুষ্ট। তবে যাত্রীরা টিকিট পেতে প্রতিযোগিতায় নামতে বাধ্য হচ্ছেন, যা কিছুটা উদ্বেগেরও কারণ।


