বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। সাক্ষাতে রাষ্ট্রদূত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার বর্তমান অবস্থান ও চিকিত্সার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সৌজন্য বিনিময়ের একপর্যায়ে তিনি বেগম জিয়াকে সৌদি আরবে ওমরাহ পালনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সাক্ষাতকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ডা. জাহিদ হোসেন বলেন, “সৌদি রাষ্ট্রদূত ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, ম্যাডাম কবে চিকিত্সার জন্য দেশের বাইরে যাচ্ছেন। সৌদি আরবের পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানানো হয়েছে।”
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ওই বৈঠকের প্রায় তিন মাস পর এবার সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হলো।


