ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড তাদের আইনগত দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে মোট ৮ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা প্রদান করেছে। এর মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ৮ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ১০০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৪৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা দিয়েছেন। এই তহবিলের অর্থ শ্রমিকদের কল্যাণ ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ব্যবহৃত হবে।
সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন (অব.) এবং সচিব এ. এইচ. এম. শফিকুজ্জামানের কাছে উভয় কোম্পানির পক্ষ থেকে চেক হস্তান্তর করা হয়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে চেক হস্তান্তর করেন সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস খান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, লিগ্যাল ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি এস. ও. এম. রাশেদুল কাইউম এবং কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার। অন্যদিকে, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষে চেক হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ পদক্ষেপের মাধ্যমে উভয় কোম্পানি তাদের সামাজিক দায়বদ্ধতা ও শ্রমিকদের কল্যাণে অবদান রাখার লক্ষ্য পূরণ করছে। এটি বাংলাদেশের শিল্পখাতের দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থানকে আরও দৃঢ় করছে।


