দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে শনিবার রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে, রিমান্ড চলাকালে অসুস্থ হয়ে পড়েন আরিফ হাসান। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আরিফ হাসানের বিরুদ্ধে দায়ের করা হত্যা চেষ্টা মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিমানবন্দর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নবম শ্রেণির ছাত্র সজীব গুলিবিদ্ধ হন। সজীবের বাবা সুমন গতকাল হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন, যেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।


