পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনন্য জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে। শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে নবী করিম (সা.)-এর অসামান্য আদর্শ মুসলমানদের জন্য সর্বোত্তম দিশারী।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য ‘রাহমাতুল্লিল আলামিন’, অর্থাৎ রহমতের প্রেরক। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তিনি সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরিত হয়েছেন (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)। ‘সিরাজাম মুনিরা’ বা আলোকোজ্জ্বল প্রদীপের মতো নবী করিম (সা.) মানুষের অন্তরে অন্ধকার দূর করে শান্তি, কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য, অসামান্য চরিত্র, দয়া ও মহৎ গুণাবলীর কারণে নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ‘উসওয়াতুন হাসানাহ্’ বা সুন্দরতম আদর্শ হিসেবে পরিচিত। তাঁর জীবন ও শিক্ষা প্রতিটি যুগের মানুষের জন্য মুক্তি ও উন্নতির পথ দেখায়। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি কামনা করেন, নবী করিম (সা.)-এর জীবনদর্শন অনুসরণ করে মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত হোক এবং সকলের মাঝে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের আলো ছড়িয়ে পড়ুক।


