মেট্রোরেলের একক যাত্রার টিকিট সংকট দূর করতে চার লাখ নতুন টিকিট সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। টিকিটগুলো সরবরাহ করবে জাপান, থাইল্যান্ড, এবং ভারত। মূলত জাপান থেকে টিকিটের সরঞ্জাম সরবরাহ করা হলেও, এগুলো প্রিন্ট করা হয় ভারতে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বুধবার গণমাধ্যমকে জানান, আগামী ১৬ ডিসেম্বর ভারতের কারখানা থেকে ২০ হাজার টিকিটের প্রথম চালান পাঠানো হবে। টিকিটগুলো ট্রেনে পরিবহন করা হচ্ছে বলে ডিসেম্বরের শেষ দিকে তা ঢাকায় পৌঁছাবে। পর্যায়ক্রমে বাকি টিকিটগুলোও আসবে।
তিনি বলেন, মেট্রোরেলের দৈনিক সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে কমপক্ষে ৫০ হাজার একক যাত্রার টিকিট প্রয়োজন। কিন্তু বর্তমানে টিকিটের মজুত মাত্র ৪০ হাজার, যার ফলে যাত্রীসেবায় ব্যাঘাত ঘটছে। কিছু কার্ড যাত্রীরা হারিয়েছেন, কিছু নষ্ট হয়েছে টেকনিক্যাল সমস্যার কারণে।
এদিকে নতুন কার্ডগুলোর ডিজাইন সম্পর্কে তিনি জানান, পূর্বের ডিজাইন অপরিবর্তিত থাকবে। তবে একক যাত্রার কার্ড সহজে চেনার জন্য এর রং লাল করা হচ্ছে।
ঢাকায় মেট্রোরেল যাত্রীদের জন্য দুই ধরনের টিকিট রয়েছে—এমআরটি পাস এবং একক যাত্রার টিকিট। এমআরটি পাস (র্যাপিড পাস) একাধিকবার ব্যবহার করা যায় এবং যাত্রীরা কার্ডটি নিজের কাছে রাখতে পারেন। অন্যদিকে, একক যাত্রার টিকিট ব্যবহার শেষে গন্তব্য স্টেশনে তা ফেরত দিতে হয়।
ডিএমটিসিএল আশা করছে, নতুন টিকিট সরবরাহ শুরু হলে যাত্রীসেবার মান উন্নত হবে এবং টিকিট সংকটের কারণে সৃষ্ট অসুবিধা দূর হবে।


