বিমানবন্দর সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিমানে বিস্ফোরক থাকার যে তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এবং দোষীদের শনাক্ত করলেই তাদের আইনের আওতায় আনা হবে।”
বিমানের নিরাপত্তা নিয়ে কোনো গুজব সহ্য করা হবে না বলে সতর্ক করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, “বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটি একটি গুরুতর অপরাধ, এবং এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক প্রসঙ্গে তিনি বলেন, “পোশাক বদলালেই সবকিছু পরিবর্তন হয় না। মন এবং মানসিকতার পরিবর্তন জরুরি। বাহিনীর দক্ষতা এবং সততার ওপর নির্ভর করে কাজের গুণগত মান।”
অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩৬ ফ্লাইটে বিস্ফোরক থাকার খবর পাওয়া যায়। তবে, বিমান অবতরণের পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোমার হুমকি বার্তা আসে। বার্তায় দাবি করা হয়, বিমানে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে।
খবর পাওয়ার পর সিটিটিসি’র বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্যানাইন ইউনিট যৌথভাবে তল্লাশি চালায়। সব ব্যাগেজ পরীক্ষা করেও কোনো সন্দেহজনক বস্তু মেলেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, “দুর্নীতি কমানো গেলে দেশের সব খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” এই ঘটনায় বিমানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


