প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৩ পয়সায়।
বিডি ল্যাম্পসের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। সমাপ্ত ২০২০-২১ থেকে ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৮৭৭। এর ৬১ দশমিক ৮৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৫৬, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে সর্বশেষ গত বৃহস্পতিবার বিডি ল্যাম্পসের শেয়ার ১৪৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১০০ থেকে ১৭৯ টাকার মধ্যে ওঠানামা করেছে।


