বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজার ব্যবস্থাপনা পরিবর্তন করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে বাজার ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আসবে। যা আগামী মাস থেকে দৃশ্যমান হবে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বছরের প্রথম ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয় এক জায়গায় বসে বাজার ব্যবস্থাপনার চেষ্টা করছি। আগামী মাসেই এর পরিবর্তন দৃশ্যমান হবে। ধীরে ধীরে আমরা সব কিছুর দাম নির্ধারণ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি।
আসন্ন রমজানে ব্যবসায়ীদেরকে ভোক্তাবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে টিসিবির মাধ্যমে প্রতিমাসে ১ কোটি পরিবারকে একবার ৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। রমজান মাসে সেটা দুবার দেওয়ার কথা রয়েছে।
আগামী মার্চ থেকে চালের বস্তায় সবকিছু বিস্তারিত উল্লেখ থাকবে জানিয়ে তিনি বলেন, পহেলা মার্চ থেকে প্রথমবারের মতো চালের বস্তায় লেবেল লাগানো থাকবে। কোন জাতের ধান বা দাম সবকিছু বিস্তারিত থাকবে। খাদ্য মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।
আহসানুল ইসলাম টিটু আরো বলেন, ২০০৭-০৮ অর্থবছরে তৈরি পোশাক রফতানি আয় ছিল ১০ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার, ২০২২-২৩ অর্থবছরে সেই রফতানি আয় ৪৬ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রচলিত পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্য রফতানি বৃদ্ধির জন্যও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সরকার ১০০টি সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলগুলোয় বিনিয়োগকারীদের জন্য কর, ভ্যাট এবং শুল্ক ছাড়ের মতো বিশেষ প্রণোদনা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে নতুন ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত চার হাজার কোটি মার্কিন ডলার রফতানি আয় বৃদ্ধি পাবে।
সভায় এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমান বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করাসহ ব্যবসা সহজীকরণে এ সরকার অনেক পদক্ষেপই গ্রহণ করেছে। তবে এখনো কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে। যার মধ্যে নতুন কোম্পানি আইন প্রণয়ন অন্যতম। এ ব্যাপারে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার।
এমসিসিআই মহাসচিব ও সিইও ফারুক আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ এন. করিমসহ এমসিসিআইর পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


