রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের গত বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ব্যাংকের রেগুলেটরি মূলধনের অংশ হিসেবে একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি এ বন্ড ইস্যুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।
তথ্যানুসারে, রূপালী ব্যাংকের পর্ষদ সাত বছর মেয়াদি ১ হাজার ২০০ কোটি টাকার একটি বন্ড ইস্যু করতে আগ্রহ প্রকাশ করেছে। এর বৈশিষ্ট্য হলো আনসিকিউরড, নন-কনভার্টিবল ও ফুললি রিডিমেবল ফ্লাটিং রেট-বিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড। এ বিষয়ে সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে ব্যাংকটি। এর অংশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।
চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের সুদ বাবদ আয় হয়েছে ৬৮২ কোটি ৪৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪৯ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সুদ বাবদ আয় বেড়েছে ১৩২ কোটি ৯১ লাখ টাকা বা ২৪ দশমিক ১৮ শতাংশ। সুদ বাবদ আয় বাড়ার পাশাপাশি এ প্রান্তিকে ব্যাংকের মোট পরিচালন আয় বেড়েছে ১২৭ কোটি ৮৬ লাখ টাকা বা ৪৫ দশমিক ৮৭ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৭ কোটি ৭২ লাখ টাকা বা ৭৯ দশমিক ৫৭ শতাংশ।


