নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি জোর দিয়ে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে, আমাদের কোনো ভূমিকা থাকবে না।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, “নির্বাচনের মধ্য দিয়েই একটি নতুন সরকার ক্ষমতায় আসবে। আমরা প্রত্যাশা করি, তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে।”
বরিশালের পোর্ট রোড, খাল পুনরুদ্ধার প্রকল্প ও প্যাসেঞ্জার টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি আরও জানান, আগামী অক্টোবর থেকে বরিশাল-ঢাকা রুটে নতুন আকর্ষণ হিসেবে চালু হবে প্যাডেল জাহাজ। তার মতে, “এ উদ্যোগে নৌ-যাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটবে। যাত্রীসেবা ছাড়াও এটি পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।”
এ সময় তিনি জানান, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদীতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আটশ কোটি টাকার বরাদ্দ আনার উদ্যোগ চলছে। পাশাপাশি ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনাও অগ্রসর হচ্ছে। সাখাওয়াত হোসেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ বিভাগ ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছারসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


