শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো প্রাইম ব্যাংক পিএলসি ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ব্যাংকের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ৪৮০ কোটি টাকার কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৯৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা, আগের হিসার বছরে যা ছিল ৩ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৬ পয়সায়।
লিন্ডে বাংলাদেশ: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জানুয়ারি-জুলাই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ৪ হাজার ১০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৮৪ পয়সা। ৩১ জুলাই ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৩২ টাকা ৩৫ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেনি। এর আগে ঘোষিত ১ হাজার ৫৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশই কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ হিসেবে বিবেচিত হয়েছে।
৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করে এ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ২ পয়সা, আগের বছরে যা ছিল ৫৮ টাকা ৪ পয়সা।


