বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে তার বহনকারী বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তার ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছিল।
ঢাকায় অবস্থানকালে ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়, বাণিজ্য ও সরাসরি জাহাজ চলাচল ইস্যু আলোচনা হবে। গত বছরের গণ-অভ্যুত্থানের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক ধীরে ধীরে উন্নতি লাভ করছে।


