সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের অনুমোদিত মূলধন ১,৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২,০০০ কোটি টাকায় উন্নীত করার বিশেষ প্রস্তাব অনুমোদন করেন। পাশাপাশি ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ বোনাস শেয়ারও অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। ভার্চুয়ালি অংশ নেন ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্যরা, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান এবং কোম্পানি সচিব মামুনুর রশীদ, এফসিএস। এছাড়া বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় যুক্ত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ২০২৫ সালের আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরে ভবিষ্যৎ কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সম্পদের গুণগত মান উন্নয়নে ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করছে।
সভায় জানানো হয়, ২০২৫ সালে ব্যাংকের সম্মিলিত পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১১,৯৭৮.৪৩ মিলিয়ন টাকা। বছরের শেষে আমানতের পরিমাণ ছিল ৪৩৯,২৩৪.৯০ মিলিয়ন টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৫৫৪,৪২৪.৫৬ মিলিয়ন টাকা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২.৫১ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়ায় ২৫.৭৪ টাকা।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান এম. এ. কাশেম ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ব্যাংকের সুশাসন, ব্র্যান্ড শক্তিশালীকরণ এবং সার্বিক কার্যক্রমের দক্ষতা আরও বাড়াতে শেয়ারহোল্ডারদের গঠনমূলক পরামর্শ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


