রাজধানীতে অপরাধ চিত্রে ভিন্নতা দেখা যাচ্ছে অঞ্চলভেদে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজধানীর ৫০ থানায় মামলা হয়েছে ১০ হাজার ৫৩১টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ২৪ হাজারের বেশি অভিযুক্ত।
তেজগাঁও ও মতিঝিল বিভাগে চুরি-ছিনতাই সবচেয়ে বেশি ঘটেছে। তেজগাঁও বিভাগের ছয় থানায় ছিনতাই-ডাকাতির মামলা হয়েছে ৬৮টি। মতিঝিলের সাত থানায় চুরির মামলা হয়েছে ২৪৯টি।
নারী নির্যাতনের মামলার দিক থেকে এগিয়ে আছে মিরপুর বিভাগ (১৫৭টি মামলা), আর মাদক ও খুনের ঘটনায় শীর্ষে রয়েছে ওয়ারী বিভাগ (৬৮৪টি মামলা)। অন্যদিকে অপহরণ মামলার সংখ্যা সবচেয়ে বেশি উত্তরা বিভাগে (৩৫টি)।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ও চন্দ্রিমা হাউজিং এলাকায় দিনে-দুপুরে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ধরনের অপরাধ নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে।
সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা ও সোর্স সক্রিয়তা বাড়ানো দরকার।’
ডিএমপির ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান জানান, ‘ভাসমান মানুষের উপস্থিতি যেখানে বেশি, সেখানেই অপরাধ প্রবণতা বেশি। আমরা অপরাধ নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করছি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছি।’


