ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্যে নাগরিকদের আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করার লক্ষ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে ডিএনসিসির আওতাভুক্ত সব ধরনের সেবার ফি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও আধুনিক ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম এবং ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম।
চুক্তির আওতায় সেলফিন, এমক্যাশ ও আই-ব্যাংকিংসহ ইসলামী ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সিটি কর্পোরেশন ফি পরিশোধ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান ও মো. আব্দুল্লাহেল বাকি এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাইনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই উদ্যোগকে স্মার্ট সিটি গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


