চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজ ‘এমভি আল বাখেরা’-তে ৭ জনকে নির্মমভাবে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পণ্যবাহী নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে সারাদেশে পণ্য পরিবহন কার্যক্রম অচল হয়ে পড়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যার প্রকৃত দায়ীদের চিহ্নিত করে বিচার করার দাবিতে এই কর্মসূচি গৃহীত হয়েছে। শ্রমিকরা ক্ষতিপূরণ হিসেবে নিহতদের পরিবারকে জনপ্রতি ২০ লাখ টাকা প্রদানেরও দাবি জানিয়েছেন।
নৌযান শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, ও ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বাড়ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে, নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এটি একটি ব্যক্তিগত আক্রোশের ঘটনা। তবে নদীতে নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ ও কোস্টগার্ড সবসময় সতর্ক রয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের হাইমচরের মাঝেরচরে পণ্যবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা করা হয়। তদন্তে অভিযুক্ত আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


