পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) করপোরেট প্রধান কার্যালয় নির্মাণের জন্য রাজধানীর গুলশানে এক বিঘা (২০ কাঠা) জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে এমটিবির ইপিএস হয়েছে ৩ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৪ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এমটিবির ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৫২ পয়সায়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিত অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি, পরিশোধিত মূলধন ১ হাজার ৮১ কোটি ৪৩ লাখ ২০ হাজার ও রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৫৯ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৮ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৭২০। এর ৩৩ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৬২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে।


