আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর একটি প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। বুধবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এইচআরডব্লিউ’র এশীয় পরিচালক এলাইন পিয়ারসন। দুই সদস্যবিশিষ্ট দলটি তদন্ত কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং গুমের ঘটনাগুলো নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এইচআরডব্লিউ প্রতিনিধিদের স্বাগত জানান এবং কমিশনের বর্তমান কার্যক্রম, তদন্তের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বৈঠকে কমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এইচআরডব্লিউ প্রতিনিধিরা জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে পর্যবেক্ষণ চালিয়ে আসছেন। বিশেষত, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তারা আশা করেন, যেসব ব্যক্তি গুম হয়েছেন বা তাঁদের পরিবারের সদস্যরা এখনো ন্যায়বিচার পাননি, তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গুমের ঘটনাগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কাজ চলছে। তবে তদন্ত প্রক্রিয়া ও তথ্য সংগ্রহে নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও কমিশনের কর্মকর্তারা উল্লেখ করেন। এই বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্ত, ভুক্তভোগীদের ন্যায়বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এইচআরডব্লিউ প্রতিনিধিদল আগামীকাল (৩০ জানুয়ারি) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এবং এ সময়ের মধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় করবে। গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গেও তারা আলোচনা করবেন বলে জানা গেছে। বৈঠকের শেষে এইচআরডব্লিউ প্রতিনিধিরা বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক মানের তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।


