পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ডিএসইর পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে এ তথ্য জানায় ডিএসই।
বৈঠকে ডিএসই প্রতিনিধিদল জানান, পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করার প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ সময় ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং একীভূতকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান ডিএসই প্রতিনিধিদল।
বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে আরও কয়েকটি প্রস্তাবও তুলে ধরে ডিএসই। প্রতিনিধিদল জানান, দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে কয়েকটি কাঠামোগত উদ্যোগ জরুরি। এ জন্য রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধার সময়সীমা বাড়ানো, লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+২ থেকে টি+১-এ নামিয়ে আনা এবং ডিএসইর বিভিন্ন তফসিলি ব্যাংকে সংরক্ষিত এফডিআর ও এসএনডি হিসাবের অর্থ ধাপে ধাপে নগদায়নের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।


